ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারালেন ড্রেজারচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুসা সরকার (৫০) নামের এক ড্রেজারচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

মুসা সরকার মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার ভিটিহোগলা এলাকার আবুল সরকারের ছেলে। তাঁর ছেলে হাসান সরকার এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ড্রেজারচালক মুসা আজ ভোর সাড়ে ৫টার দিকে সিলেট থেকে নারায়ণগঞ্জ শহরে এসে নামেন। বাস থেকে নামার পর তিনি মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য লঞ্চ টার্মিনালের দিকে হেঁটে রওনা দিয়েছিলেন। পথে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় তিন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১ হাজার ১০০ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মুঠোফোন ও টাকা না দেওয়ায় ছিনতাইকারীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের মণ্ডলপাড়া এলাকার ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে যান। এ সময় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান আরও জানান, মুসা সরকারকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। অপর ছিনতাইকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মুসা সরকারের ছেলে হাসান সরকার বাদী হয়ে আজ শনিবার থানায় মামলা করেছেন।