ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
পাবনার ঈশ্বরদী উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাফিজুর রহমান (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীর নিহত হয়েছেন। আজ শনিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে উপজেলার ঢুলতি বহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, হাফিজুর রহমান উপজেলা সদর থেকে ভটভটিতে করে ঢুলতি এলাকায় তাঁর নিজ বাড়িতে ফিরছিলেন। ঢুলতি বহরপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে তিন যুবক ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে যানটির গতিরোধ করে এবং হাফিজুরের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবকেরা তাঁকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। ওই যুবকেরা হাফিজুরের কাছ থেকে ৪৮ হাজার ছিনিয়ে নিয়ে গেছে বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি কেউ। তবে হাফিজুরের আত্মীয়-স্বজনেরা মামলা করবেন বলে জানিয়েছেন। লাশটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।