ছিনতাইকারীদের ধারালো অস্ত্রে দুই শিক্ষার্থী ভাইবোন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ভাইবোন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

আহত দুজন হলেন এজাজুল হক ও ফারিয়া তাবাসুম। সম্পর্কে তাঁরা আপন ভাইবোন।

এজাজ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ফজলুল হক মুসলিম হলে থাকেন। ফারিয়া ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কবি সুফিয়া কামাল হলে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এজাজ। ফারিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন।

এজাজের ভাষ্য, বিশ্ববিদ্যালয় ছুটি উপলক্ষে তাঁরা আজ সকালে বাগেরহাটে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁরা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রিকশায় করে সায়েদাবাদ যাচ্ছিলেন। টিকাটুলি রেলক্রসিং এলাকায় দুজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। একপর্যায়ে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। ব্যাগ নিয়ে চলে যাওয়ার সময় ছিনতাইকারীদের ধাওয়া করে স্থানীয় লোকজন। ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। তবে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। দুই ভাইবোনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক আমেনা রেজা বলেন, ফারিয়ার আঘাত গুরুতর ছিল। তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।