সিলেটের দক্ষিণ সুরমা রেলস্টেশনের লিংক রোডে মাছ ব্যবসায়ী আবদুর রাজ্জাককে (৪৮) ছুরিকাঘাত করে হত্যা করেছে ছিনতাইকারীরা। গতকাল মঙ্গলবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায়।
গত সোমবার রাতে আবদুর রাজ্জাককে ছুরিকাঘাতকারী নাজিমুল ইসলাম ওরফে রাজুকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় রুবেল মিয়া (২২) নামের আরও এক ছিনতাইকারীকে। দুজনই এই হত্যা মামলার আসামি।
র্যাব জানায়, ১৬ নভেম্বর সকালে দক্ষিণ সুরমার মাছ ব্যবসায়ী আবদুর রাজ্জাক ছিনতাইকারীদের কবলে পড়েন। দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায়পুলিশের হাতে একজন গ্রেপ্তার হন। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী নাজিমুল ও রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি বিশেষ দল।
সংবাদ সম্মেলনে র্যাব-৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব হাসান বলেন, জিজ্ঞাসাবাদে নাজিমুল হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তাঁরা ২০ হাজার টাকা ছিনতাইয়ের সময় আবদুর রাজ্জাক বাধা দেন। এ সময় নাজিমুল ছুরি দিয়ে ভয় দেখান। তাতেও টাকা না দেওয়ায় বাবলু, কানা মুনির ও রুবেলসহ তিনজন আবদুর রাজ্জাক ধরে রাখেন। পরে নাজিমুল ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করে সবাই পালিয়ে যান।
নাজিমুল ও রুবেলকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।