ছিনতাইকারীর আঘাতে আহত চিকিৎসকের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর আঘাতে আহত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. ফরহাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ৩টায় আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে মারা যান তিনি।
পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর কর্মস্থলে কাজ শেষে বেলা ৩টার দিকে রিকশায় মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন চিকিৎসক ফরহাদ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পেছনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অজ্ঞাত দুজনকে আসামি করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পক্ষ থেকে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।