ছিনতাইকারীর কবলে পড়ে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল সোমবার পৃথক ঘটনায় ছিনতাইকারীদের হাতে দুজন আহত হয়েছেন। আহত ফাতেমা নাসরিন (৩০) ও স্কুলছাত্র মো. ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন ছিনতাইকারী নাসরিন ও রনি দম্পতির রিকশার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে নাসরিন রিকশা থেকে ছিটকে পড়ে আহত হন। এ সময় ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
নাসরিন বলেন, ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে গতকাল সকালে লঞ্চে সদরঘাট আসেন। এরপর তাঁরা মালিবাগ চৌধুরীপাড়ার বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। তাঁর ভ্যানিটি ব্যাগে তিন হাজার টাকা ও একটি মুঠোফোন ছিল বলে তিনি জানান।
গতকাল বিকেলে পুরান ঢাকার নিমতলী এলাকায় পাঁচ-ছয়জন ছিনতাইকারী স্কুলছাত্র মো. ফয়সালের ডান হাতে চাপাতির আঘাত করে তার গলা থেকে একটি সোনার চেইন ও একটি মুঠোফোন নিয়ে যায়। সে পুরান ঢাকার বকশীবাজারে নবকুমার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক ছিনতাইয়ের ঘটনা দুটি প্রথম আলোকে নিশ্চিত করেন।