ছিনতাইকারীর গুলিতে আহত বিকাশ কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ছিনতাইকারীদের গুলিতে বিকাশের আহত কর্মী রবিউল ইসলাম (৪০) গতকাল রোববার ভোর পাঁচটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাড়ি রাজশাহী নগরের কাজলা এলাকায়।
গত বুধবার ছিনতাইকারীর গুলিতে তিনি আহত হন। অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে চারটি গুলি অপসারণ করা হয়। এরপর থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
গতকাল সকালে হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিকাশের কর্মী রবিউল ইসলাম ও মোমিনুল ইসলাম একটি মোটরসাইকেলে বিকাশের টাকা নিয়ে আরেকজন বিকাশ এজেন্টের কাছে যাচ্ছিলেন। নগরের মতিহার থানার কাপাশিয়া এলাকায় একটি মোটরসাইকেল তাঁদের পিছু নেয়। তাতে তিনজন আরোহী ছিলেন। পেছনের মোটরসাইকেল থেকে তাঁদের গুলি করা হয়। এতে রবিউলের পিঠে ও পাঁজরে চারটি গুলি লাগে।