ছিনতাইকারীর গুলিতে পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় ছিনতাইকারীর ছোড়া গুলিতে মো. শহিদ মিয়া (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রাধাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শহিদ মিয়া উপজেলার আদিয়াবাদ এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় শহিদ মিয়া কয়েকজন বন্ধুকে নিয়ে বাজারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় এক ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাঁদের পাশ দিয়ে যাচ্ছিল। স্থানীয় লোকজন ছিনতাইকারীকে শনাক্ত করে পিছু নিয়ে ধরার চেষ্টা করেন। এ সময় ছিনতাইকারী এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে শহিদ মিয়া গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।