ছিনতাইকারীর চাপাতির আঘাতে সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছিনতাইকারীর চাপাতির আঘাতে আহত হয়েছেন এক সাংবাদিক। তাঁর নাম মোস্তফা মোহাম্মদ এমরান। তিনি স্থানীয় একটি দৈনিকের আদালত প্রতিবেদক। তাঁর কাছ থেকে মুঠোফোন, ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে হাজী মুহাম্মদ মহসিন কলেজ পূর্ব গেটে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার মোস্তফা মোহাম্মদ এমরান প্রথম আলোকে বলেন, নগরের চেরাগী পাহাড় থেকে রিকশায় করে শুলকবহরের বাসায় ফিরছিলেন তিনি। রিকশাটি মহসিন কলেজ পূর্ব গেটের সামনে পৌঁছার পর ৬-৭ জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। সবার হাতে ছুরি, চাপাতি ও অস্ত্র ছিল। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তার ডান হাতে চাপাতি দিয়ে আঘাত করে এক ছিনতাইকারী।
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।