ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে দুটি পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। রাজধানী সুপার মার্কেট এবং কামরাঙ্গীরচর এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সাব্বির হোসেন, মো. রাকিব ও খোরশেদ আলম। সাব্বির ও রাকিব সাইনবোর্ড শ্রমিকের এবং খোরশেদ গাড়ি মেরামতের কাজ করেন। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে এ দুটি ঘটনা ঘটে।
আহত সাব্বির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, কাজ শেষে বাসায় ফেরার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানী সুপার মার্কেটের পেছনের একটি গলিতে দুই ছিনতাইকারী তাঁর ও রাকিবের পথরোধ করে টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর দিলে স্বজনেরা এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আহত খোরশেদ জানান, ভোর পাঁচটার দিকে কামরাঙ্গীরচর ছাতা মসজিদ রোড দিয়ে রিকশায় করে যাওয়ার সময় পাঁচজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এরপর তাঁকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায়। আহত অবস্থায় এক পথচারী তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।