ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারীসহ তিনজন আহত
রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের দাবি, হামলাকারীরা ছিনতাইকারী। ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে টাকাপয়সা নিয়ে গেছে। আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোহাম্মদপুর শেখেরটেক এলাকায় স্বামীসহ কাজল আক্তার (২৩) রিকশায় যাচ্ছিলেন। এ সময় ওই নারীকে ছুরিকাঘাত করে তাঁর ব্যাগ ছিনিয়ে নেয় কয়েকজন যুবক। তবে তাঁর স্বামী অক্ষত আছেন। ওই ব্যাগে প্রায় নয় হাজার টাকা ছিল বলে জানান ওই নারী।
তবে মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাশুক সিকদার প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো তথ্য পাইনি।’
গত শুক্রবার রাতে কদমতলীর জুরাইন চেয়ারম্যান গলিতে মো. মাসুম (২৪) ও আবুল কালাম (২৫) নামের দুজনকে কুপিয়ে দুর্বৃত্তরা ২০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মাসুম ও কালাম দুজন বন্ধু। তাঁদের বাসা জুরাইনে। রাতে দুজন বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
জানতে চাইলে কদমতলী থানার এসআই মাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো সংবাদ পাইনি।’