ছিনতাইকারীর ছুরিকাঘাতে কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শনিবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছফির উদ্দিন ভূঁইয়া (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ছফির প্রাণ কোম্পানির মার্চেন্ডাইজার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদরে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আবদুস সালাম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে দুইটার দিকে সদরের কাজীপাড়া প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সামনের সড়কে ছিনতাইকারীরা ছফিরের কাছে থাকা একটি ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছফির ক্যামেরা না দিয়ে দৌড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এ সময় তাঁর বাঁ পায়ের উরু ও হাঁটুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে কয়েকজন তাঁকে উদ্ধার করে একটি ইজিবাইকে তুলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ব্যান্ডেজ করা ছাড়া তাঁকে আর কোনো চিকিৎসা দেওয়া হয়নি। একপর্যায়ে বেলা পৌনে তিনটার দিকে ছফির মারা যান। এ ঘটনায় ওই অটোরিকশার চালক খোকন ও মীর আরিফুল নামের এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত শহরের পশ্চিম মেড্ডা এলাকার আবদুস সাত্তার, মো. মিন্টু মিয়া ও সাইফুল ইসলামসহ কয়েকজন জানান, জরুরি বিভাগের এমএলএসএস দেলোয়ার হোসেন ও মানিক দেবনাথ আহত ব্যক্তির ব্যান্ডেজ করে জরুরি বিভাগ থেকে চলে যান। এ সময় উপস্থিত অনেকে রক্ত দিতে প্রস্তুত থাকলেও গ্রুপ নির্ণয়ে হাসপাতালের কেউ না আসায় লোকটি শেষ পর্যন্ত মারা যান। এরপর দুজন চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর হওয়ায় হাসপাতালে লোকজন কম ছিল। হাসপাতালে ওই সময় পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও ছিল না। প্রচুর রক্তক্ষরণে ছফিরের রক্ত সঞ্চালনও বন্ধ ছিল। এ কারণে রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য রোগীর রক্ত নেওয়াও সম্ভব হচ্ছিল না। পরে ছফির মারা যান।
এ ব্যাপারে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ বলেন, খোকন ও মীর আরিফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, চার-পাঁচজন যুবক তাঁকে (ছফির) ছুরিকাঘাত করেছে। তাঁদের তথ্য মোতাবেক তদন্ত চালানো হচ্ছে।