ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক গুরুতর আহত, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকায় গত শনিবার রাতে যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সৈকত জামান (৩৮) নামের এক অটোচালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ছুরিকাঘাতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চালক সৈকত উপজেলার বারইপাড়া গ্রামের আলীমুদ্দিনের ছেলে। ছুরিকাঘাতের ঘটনায় গতকাল রোববার সৈকতের চাচাতো ভাই রায়হান বাদী হয়ে বাগাতিপারা থানায় মামলা করেন।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে তিনজন যাত্রী মালঞ্চি থেকে ছাতিয়ানতলা যেতে সৈকতের ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করে। পথে ছাতিয়ানতলা ফাঁকা মাঠে একজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল দিয়ে অটোরিকশাটির গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলের চালকসহ অটোরিকশার যাত্রীরা সৈকতকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন ছুটে আসতে থাকলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সৈকতকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত ছুরি ও অটোরিকশাটি উদ্ধার করে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গতকাল দুপুরে চারজনের বিরুদ্ধে মামলা হয়। সন্ধ্যায় উপজেলার যোগীপাড়া গ্রাম থেকে এক কিশোর (১৪) ও বাগাতিপাড়া গ্রামের স্বপন কুমারের ছেলে কবির কুমারকে (১৯) গ্রেপ্তার করা হয়।