ছিনতাইকারীর ছুরিকাঘাতে দম্পতি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার মাথা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক দম্পতিসহ তিনজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার উত্তর হাসিমপুর এলাকার মো. মোরশেদ (২৪), তাঁর স্ত্রী কহিনুর আক্তার (১৯) ও বন্ধু মোহাম্মদ সুমন (২৪)। আহত ব্যক্তিদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত মো. মোরশেদ (২৪) জানান, গতকাল সকালে তিনি স্ত্রী ও তিন বন্ধুকে নিয়ে অটোরিকশাযোগে কক্সবাজারের চকরিয়ার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে অটোরিকশার একটি চাকা ফুটো হয়ে যায়। চাকাটি মেরামত করার সময় চার-পাঁচজন ছিনতাইকারী তাঁর স্ত্রীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাঁদের ছুরিকাঘাত করে চেইন, পাঁচ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ছিনতাই ও ছুরিকাঘাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।