ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারী ধরতে গিয়ে এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই ইমতিয়াজ ও পুলিশের গাড়িচালক কনস্টেবল গোলাম আজম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে দুজনকে রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে নেওয়া হয়েছে।
হাজারীবাগ থানার এএসআই মো. ফেরদৌস প্রথম আলোকে বলেন, আবদুল গণিসহ পাঁচজন শ্রমিক নবাবগঞ্জ পার্কের সামনে সরকারি ঢালাই কাজ শেষে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। বেড়িবাঁধ এলাকায় মাহাতাব পেট্রলপাম্পের সামনে এলে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ঘিরে ধরে। তাঁদের কাছ থেকে আড়াই হাজার টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে সরে যায়। ছিনতাইয়ের শিকার ওই শ্রমিকেরা সামনে এগিয়ে গিয়ে টহলরত পুলিশ দলকে ঘটনাটি জানান। এরপর পুলিশ টহল দিতে দিতে ছিনতাই করা মোবাইলগুলোয় ফোন দেয়। হঠাৎ এক জায়গায় ফোন বেজে উঠলে পুলিশ কয়েকজনকে ধাওয়া দেয়। কাছে পৌঁছে গেলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে দুজন আহত হন। ঘটনাস্থল থেকে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এএসআই ইমতিয়াজের হাতে ও কনস্টেবল আজমের মুখে আঘাত লেগেছে।