ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
রংপুর নগরে রোববার রাত ১০টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন পূবালী ব্যাংক এটিএম বুথের নিরাপত্তাকর্মী অতুল চন্দ্র বর্মণ (৫০)। তাঁর বাড়ি নগরের খটখটিয়া চিলারঝাড় এলাকায়।
পুলিশ জানায়, অতুল এটিএম বুথে দায়িত্ব পালন শেষে বাইসাইকেল করে নগরের লালবাগ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে কৃষি সম্প্রসারণ অফিসের সামনের সড়কে অতুলের পথরোধ করে কয়েকজন ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারীর সঙ্গে অতুলের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা অতুলকে ছুরিকাঘাত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। অতুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই সড়কে সড়কবাতি না থাকায় অন্ধকার থাকে সড়কটি।
এদিকে ওই সড়কে গত ১১ ফেব্রুয়ারি এক রাতে আটটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ নিয়ে প্রথম আলোয় গত ১৩ ফেব্রুয়ারি ‘এক রাতে আট ছিনতাই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আবারও ওই সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটল।