ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ আহত
চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে নগরের পাহাড়তলীর নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত কনস্টেবল মো. ছিদ্দিক (৪২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পাহাড়তলী থানায় কর্মরত।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া প্রথম আলোকে বলেন, কনস্টেবল ছিদ্দিক তাঁর শ্বশুর মো. সাইফুল্লাকে নিয়ে একটি ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে টাকা তুলে রিকশাযোগে হালিশহরের দিকে যাচ্ছিলেন। নয়াবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে তিন ছিনতাইকারী তাঁদের রিকশার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা কনস্টেবল ছিদ্দিকের পিঠে ও ডান হাতে ছুরিকাঘাত করে। পরে ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ওসি জানান, ছিনতাইকারীরা টাকা ছিনতাই করতে পারেনি। হামলার ঘটনায় ছিদ্দিকের শ্বশুর সাইফুল্লা থানায় মামলা করেছেন।