ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক খুন
চট্টগ্রামের হালিশহর থানাধীন চৌধুরীপাড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. খোকন (২০) নামের একজন রিকশাচালক খুন হয়েছেন। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ রিকশাচালকের দুই ঘাতককে আটক করেছে।
আটক ছিনতাইকারীদের নাম মো. সাগর (১৯) ও মো. মিঠু (২১)। নিহত রিকশাচালকের বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির প্রথম আলোকে জানান, আটক ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী। ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাই তাদের মূল উদ্দেশ্য ছিল। যাত্রীবেশে রিকশায় উঠে হালিশহর চৌধুরীপাড়ার টোল রোড এলাকায় যাওয়ার পর তারা রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। চালক বাধা দিলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। চালকের চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সাগরকে আটক করে।
ওসি আরও জানান, সাগরের দেওয়া তথ্য অনুযায়ী নগরের বড়পোল এলাকা থেকে মিঠুকে আটক করা হয়। আহত রিকশাচালক হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়।
আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।