ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী জখম
রাজধানীতে ছিনতাইকারীর ছুরির আঘাতে মো. শামীম (১৮ ) নামে সাভারের বিকেএসপির একজন শিক্ষার্থী গুরুতর জখম হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোনও লুটে নিয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাত পাঁচটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে বউনিয়াবাদ এলাকায় এই ঘটনাটি ঘটে।
শামীমের খালাতো ভাই নাজিম উদ্দিন জানান, সাভার যাওয়ার উদ্দেশে আজ ভোরে বটতলা বউনিয়াবাদ এলাকার বাসা থেকে টাকা নিয়ে শামীম বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। বিমানবন্দরের রানওয়ের সীমানা প্রাচীরের পাশের রাস্তায় পৌঁছালে চার-পাঁচ ছিনতাইকারী তাঁর মাথা, হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকা ও মোবাইল ফোনটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন শামীমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক গুরুতর জখম নিয়ে শামীমের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।