ছিনতাইকারীর ছুরিকাঘাতে সংবাদকর্মী আহত
সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন স্থানীয় সংবাদকর্মী আবদুল্লাহ আল মনসুর রনি। তিনি অনলাইন নিউজপোর্টাল ‘সিলেট টুডে টোয়েন্টিফোর ডটকম’-এর নিজস্ব প্রতিবেদক। গত মঙ্গলবার রাত নয়টার দিকে মেন্দিবাগ এলাকার শাহজালাল সেতু-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রনির সহকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক আবদুল্লাহ আল মনসুর রনি ওরফে অরণ্য রনি গত মঙ্গলবার রাত নয়টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাস টার্মিনাল থেকে হেঁটে তাঁর উপশহর এলাকার নিজ বাসায় ফিরছিলেন। তিনি মেন্দিবাগ এলাকায় পৌঁছামাত্র একটি সিএনজি অটোরিকশাযোগে চার থেকে পাঁচজন যুবক এসে তাঁর পিঠের নিচের দিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় ছিনতাইকারীরা রনির সঙ্গে থাকা দুটি মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই রনিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ক্ষতস্থানে বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। চিকিৎসা শেষে তিনি গতকাল বুধবার দুপুরে বাসায় ফেরেন।
‘সিলেট টুডে টোয়েন্টিফোর ডটকম’-এর ব্যবস্থাপনা সম্পাদক দেবাশীষ দেবু জানান, এ ঘটনায় রনির পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, রনির ওপর হামলাকারী ছিনতাইকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা করছে পুলিশ।