ছিনতাইকারীর ধাক্কা, ট্রেনের ছাদ থেকে পড়ে ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম রেলস্টেশনের দক্ষিণের আউটার সিগন্যালের কাছে রেললাইনের পাশ থেকে গতকাল শুক্রবার সকালে আবু বকর জিল্লু নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
আবু বকর জিল্লু (২৪) যশোরের কলারোয়া শেখ আমানউল্লাহ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের সম্মান চূড়ান্ত বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি যশোরের শার্শা থানার শালকোনা এলাকায়।
পুলিশ ও নিহত ছাত্রের পরিবার জানায়, গত মঙ্গলবার গ্রামের বাড়ি থেকে আবু বকর ও তাঁর বন্ধু একই কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলম (২৪) প্রাণ কোম্পানির একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যান। ওই পরীক্ষার মাধ্যমে তাঁরা দুজনেই প্রতিষ্ঠানটির যশোর জেলার বিক্রয় প্রতিনিধি হন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আবু বকর ও জাহাঙ্গীর ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনে চড়ে যশোরের উদ্দেশে রওনা হন। টাকা কম থাকায় দুই বন্ধুই ট্রেনের ছাদে চড়েছিলেন। রাত পৌনে নয়টার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ছাদে কয়েকজন ছিনতাইকারী তাঁদের সঙ্গে থাকা মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় আবু বকর বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনার পর জাহাঙ্গীর পরবর্তী রেলস্টেশন ধীরাশ্রমে নেমে গিয়ে ঘটনাটি আবু বকরের স্বজন এবং স্টেশন মাস্টারকে জানান। পরে রেলওয়ে পুলিশ তাঁকে সেখানে রাতে আটকে রাখেন। গতকাল সকালে ধীরাশ্রম এলাকায় অভিযান চালিয়ে লাশ উদ্ধার করা হয়।