ছিনতাইকারীর হঠাৎ টানে ছিটকে পড়লেন তরুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশায় করে ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন শিরিন আক্তার (২৪) নামের এক তরুণী। সঙ্গে ছিলেন তাঁর এক আত্মীয়। গ্রাম থেকে চট্টগ্রাম শহরে আত্মীয়ের বাসায় এসেছিলেন শুধু ঈদের কেনাকাটা করতে। কিন্তু বিপণিকেন্দ্রে মার্কেটে যাওয়া হলো না তাঁর, ঠাঁই হলো হাসপাতালে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার রাতে নগরের ব্যাটারি গলির বাসা থেকে বের হয়ে আত্মীয়সহ টেরিবাজারের দিকে যাচ্ছিলেন শিরিন। রাত নয়টার দিকে তাঁদের রিকশাটি জামাল খান মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা তিন ছিনতাইকারী শিরিনের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ায় রাস্তায় পড়ে মাথায় আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গভীর রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। থানায় মামলা না হলেও পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

তরুণীর চাচাতো ভাই সৈয়দুল আলম প্রথম আলোকে বলেন, গ্রামের বাড়ি পটিয়া থেকে ঈদের কেনাকাটা করতে শহরে এসেছিলেন তাঁর চাচাতো বোন শিরিন আক্তার। চিকিৎসকেরা জানিয়েছেন যে তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁরা এ ঘটনায় থানায় মামলা করবেন বলে তিনি জানান।