ছিনতাইকারীর হাতে ওষুধ ব্যবসায়ী খুন, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আকরামুল হক (৩২) নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি লালমনিরহাট পৌরসভার নবীনগর (খুটামারা) গ্রামের আছের আলীর ছেলে।
এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে পুলিশ আটক করেছে।
লালমরিনহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে থানার টহল পুলিশ দিবাগত রাত আড়াইটায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর-বড়বাড়ি সড়কের উচা ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে মোটারসাইকেলসহ দুই ছিনতাইকারীকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে অপর দুই ছিনতাইকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওষুধ ব্যবসায়ী আকরামুল শহরের নর্থবেঙ্গল মোড়ে নিজ ওষুধের দোকান বন্ধ করে দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। লালমনিরহাট-ঢাকা মহাসড়কের লালমনিরহাট বিমানবন্দর-সংলগ্ন এলাকায় এলে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় সড়কের পাশে লুকিয়ে থাকা ছিনতাইকারীরা তাঁকে লক্ষ্য করে ধারালো অস্ত্র ছুড়ে মারে। সেটি মাথায় লেগে তিনি লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। গুরুতর আহত আকরামুল কোনো রকমে কাছের এক বাড়িতে গিয়ে নিজের পরিচয় দিয়েই জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল ভোর পাঁচটার দিকে তিনি সেখানে মারা যান।