ছিনতাইকারীর হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু
ছিনতাইকারীর হামলার শিকার ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাঈন উদ্দীন (৩৫) গতকাল মঙ্গলবার সকালে মারা গেছেন। গত শনিবার রাতে ছিনতাইকারীর হামলায় আহত হয়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাঈন উদ্দীন তাঁর দুই সহযোগীসহ একটি মোটরসাইকেলে করে রুহিয়া থানা থেকে পাটিয়াডাঙ্গী বাজারে ফিরছিলেন। রাত ১১টার দিকে কমলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। এর পর তাঁদের বেধড়ক মারধর করে মোটরসাইকেল, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর মাঈন উদ্দীনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সকাল ছয়টায় দিকে তিনি মারা যান।
এ বিষয়ে রাজাগাঁও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘আমি রংপুর থেকে লাশ নিয়ে ফিরছি। ফিরে এ ব্যাপারে বিস্তারিত কথা হবে।’
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার রায় জানান, এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরোহী মেজবাউল হাসান বাদী হয়ে গত রোববার একটি মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উত্তর বঠিনা গ্রামের হাসান আলীর ছেলে ফরমান আলী (৪২) ও একই গ্রামের বজলুর রশিদের ছেলে তরিকুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের গত সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।