ছিনতাইকারীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু
ছিনতাইকারীর হামলায় আহত এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার সকালে যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে আহত হন তিনি।
ওই ব্যক্তির নাম মো. রাজীব (৩৫)। বাড়ি মাগুরার শ্রীপুর উপ–জেলার কাদিরপাড়ায়। তিনি সিগারেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
হাসপাতালে রাজীবের স্ত্রী মরিয়ম বেগম সাংবাদিকদের বলেন, রাজীব মঙ্গলবার সকাল সাতটার দিকে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিন-চারজন ছিনতাইকারী তাঁকে হামলা করে। তাদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে তিন-চার হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। স্থানীয় লোকজন ও পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে ডেমরা কোনাপাড়ার বাঁশেরপুল এলাকায় একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত তিনটায় মারা যান তিনি। সাম্প্রতিক সময়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত বুধবার গুলিস্তান ও ফার্মগেট এলাকায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।