নাটোরে এবার মহাসড়ক দিয়ে যাওয়ার সময় গুলি ছুড়ে চালককে আহত করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত মোটরসাইকেলচালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
সম্প্রতি একই কায়দায় জেলার চারটি পৃথক স্থানে দুর্বৃত্তরা গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই করে। এসব ঘটনায় চারজন হতাহত হন। তবে এখন পর্যন্ত আগের ঘটনাগুলোতে জড়িত দুর্বৃত্তদের পুলিশ শনাক্ত করতে পারেনি।
ভুক্তভোগীদের বরাত দিয়ে বড়াইগ্রাম থানা সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপলশহর গ্রামের শুকুর আলীর ছেলে রুবেল হোসেন (২৫) ও কিসমত আলীর ছেলে শহীদ উদ্দিন (২৩) কলাবাগান এলাকা থেকে মোটরসাইকেলে চড়ে লক্ষ্মীকোলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে করে ছয়জন আরোহী এগিয়ে এসে তাঁর পথ রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুই মোটরসাইকেলের আরোহীরা রুবেল হোসেনকে লক্ষ্য করে পরপর অন্তত পাঁচটি গুলি ছোড়ে। এ সময় দুটি গুলি রুবেলের বাঁ পায়ে এবং একটি ডান পায়ে লাগে। তখন মোটরসাইকেল থেকে রুবেল ও শহীদ দুজনই মাটিতে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা তাদের হাতে থাকা লাঠি দিয়ে ওই দুজনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এর পরপরই দুর্বৃত্তরা রুবেলের মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু আকস্মিকভাবে পাঁচজন আরোহী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা সেখানে এসে থামলে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি ফেলে রেখে নিজেদের মোটরসাইকেলে উঠে চম্পট দেয়।
পথচারীদের মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে ও বড়াইগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল এসে আহত রুবেল ও শহীদকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে ও পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, রুবেলের দুই পায়ে মোট তিনটি গুলির আঘাত রয়েছে। এ ছাড়া মাথায়ও আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুন নুর বলেন, খবর পাওয়ামাত্র টহল পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে দুর্বৃত্তদের আটক করা সম্ভব হয়নি। বিভিন্ন স্থানে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, দুর্বৃত্তরা সংঘবদ্ধ ছিনতাইকারী। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে একই পদ্ধতিতে দিনদুপুরে গত ১২ জানুয়ারি নাটোরের লালপুরের তিন খুঁটি এলাকায় ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে গুলি করে কলেজশিক্ষককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগে লালপুরের দুয়ারিয়া ও বাগাতিপাড়ায় দিনের বেলায় গুলি করে মোটরসাইকেল ছিনতাই হয়। সর্বশেষ গত ১৯ জানুয়ারি দুপুরে নাটোরের সৈয়দের মোড়ে নাটোর-ঢাকা মহাসড়কে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত বছরের ৮ অক্টোবর একই মহাসড়কে নাটোর জেলাসংলগ্ন সিরাজগঞ্জের তাড়াশের ১০ নম্বর সেতুর কাছে ছিনতাইকারীরা একটি প্রাইভেট কার আটকে রেখে আরোহীদের সবকিছু ছিনতাই করে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে নাটোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুতর আহত হন। পরে ২১ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। সংশ্লিষ্ট থানায় এসব ঘটনায় মামলা হয়। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের কাউকেই পুলিশ এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি।