ছিনতাইকারীর হামলায় পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় গত রোববার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। দুর্বৃত্তরা একটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্য ওলিউল্লাহ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কোতোয়ালি থানা-পুলিশ জানিয়েছে, ওলিউল্লাহ পুলিশের কনস্টেবল। তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন শাখায় দায়িত্ব পালন করছেন। আদালত থেকে বিভিন্ন থানায় পাঠানো চিঠিপত্র তিনি সংশ্লিষ্ট থানায় দিয়ে আসেন। রোববার রাতে কামরাঙ্গীরচর থানায় আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা বিলি করে তিনি আদালতে ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে মিটফোর্ড হাসপাতালের পেছনের বেড়িবাঁধ দিয়ে তিনি হেঁটে আসছিলেন। এ সময় চার তরুণ তাঁকে ডাক দেন। তরুণদের কাছে গেলে তাঁদের একজন ওলিউল্লাহর সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ওলিউল্লাহ বাধা দিলে তরুণদের একজন তাঁর পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। এরপর তাঁরা ওলিউল্লাহর সঙ্গে থাকা একটি মুঠোফোন ও ২ হাজার ২০০ টাকা কেড়ে নেন। তাঁরা পালানোর সময় ওলিউল্লাহ একজনকে জাপটে ধরেন ও চিৎকার শুরু করেন। পরে টহল পুলিশ এসে আরও দুজনকে আটক করে।

কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রানা, রাকিব ও রেজাউল নামে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। তবে মুঠোফোনটি নিয়ে একজন পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করছে। আহত ওলিউল্লাহকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের (কোতোয়ালি জোন) সহকারী কমিশনার বদরুল হাসান বলেছেন, ছিনতাইয়ের সময় ওলিউল্লাহ সাদাপোশাকে ছিলেন। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।