ছিনতাইকালে গণপিটুনি
রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেলের আরোহীকে ছুরিকাঘাত করে সেটি ছিনতাইয়ের সময় তিনজনকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার সেতুর কাছে এ ঘটনা ঘটে।
পিটুনির শিকার ব্যক্তিরা হলেন উপজেলার হেলাল মণ্ডল (২৭), আবদুর রহিম শেখ (২৪) ও ইমরান শেখ।
স্থানীয় কয়েকজন জানান, মোটরসাইকেল আরোহীর নাম হাবিবুর রহমান। তিনি রাজবাড়ী সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হাবিবুর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ওই সেতুর কাছে সড়কে কলাগাছ ফেলে মোটরসাইকেল থামানো হয়। একপর্যায়ে হাবিবুরকে পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা ধানখেতে নেমে যায়। পরে ধানখেত থেকে হেলাল, রহিম ও ইমরানকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তিনজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করায়। এ ছাড়া গুরুতর অবস্থায় হাবিবকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় শিহাব নামের আরেকজনকে আটক করে পুলিশ।
কালুখালী থানার ওসি নুরে আলম ফকির জানান, ছিনতাইকারীদের মধ্যে তিনজন গুরুতর আহত হওয়ায় তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শিহাব শেখকে গতকাল রাজবাড়ী ২ নম্বর আমলি আদালতে হাজির করা হয়।