ছিনতাইকালে তরুণকে আটক করে গণপিটুনি
ফরিদপুরে ছিনতাইয়ের সময় এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এ সময়ে ওই তরুণের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। গত রোববার রাতে শহরের রঘুনন্দনপুরের হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে আহত ওই তরুণের নাম রাব্বী হাসান ওরফে বাঁধন (২৩)। তাঁর বাড়ি ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার ডিআইবি বটতলা এলাকায়। রাতেই তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে পচিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া নয়টার দিকে এক দম্পতি রিকশা করে বাড়ি যাওয়ার পথে হাউজিং এস্টেট এলাকায় দীপশিখা কিন্ডারগার্টেনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী ওই রিকশার গতিরোধ করে গৃহবধূর হাতের ব্যাগ ছিনিয়ে নেন এবং গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূ ও তাঁর স্বামী চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসেন। তখন ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে রাস্তার ওপর পড়ে যান। এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও রাব্বী নামের একজনকে ধরে ফেলেন এলাকাবাসী। এ সময় ছিনতাইকারীদের ব্যবহার করা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভায়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দে বলেন, রাব্বী হাসানকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।