ছিনতাইকালে দুই ভুয়া ডিবি পুলিশ আটক
গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় ছিনতাইকালে দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঢাকার মিরপুরের রাজা মিয়ার ছেলে রানা মিয়া (৩৫) ও দক্ষিণ মনিপুর এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, মধুমিতা রোড এলাকায় গতকাল বেলা দুইটার দিকে মাইক্রোবাসযোগে পাঁচ-ছয়জন লোক নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী সোহেল আহম্মেদের কাছ থেকে ফেক্সিলোড ও মোবিক্যাশের ছয়
লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন এবং তাদের মধ্যে দুজনকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হ্যান্ডকাফসহ
আহত ভুয়া দুই ডিবি পুলিশকে আটক এবং তাদের বহনকারী মাইক্রোবাসটি জব্দ করে। আটক ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় টঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।