ছিনতাইকালে পাঁচজনকে গণপিটুনি
রাজধানীর চকবাজার ও মতিঝিলে ছিনতাই করে পালানোর সময় পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল রোববার ভোর চারটার দিকে চকবাজার থানার ইসলামবাগ ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় মো. ফেরদৌস নামের এক ব্যক্তির কাছ থেকে একটি মুঠোফোন ছিনতাই করেন চার যুবক। এ সময় ফেরদৌস চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের কয়েকজন লোক ওই যুবকদের ধাওয়া করে আটক করেন। পরে তাঁদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
গণপিটুনির শিকার চার যুবক হলেন ইকবাল হোসেন (২০), মো. সুমন (১৮), মো. লিটন (২১) ও মো. শামীম (২০)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, মুঠোফোন উদ্ধার করা হয়েছে। আটক যুবকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলের দৈনিক বাংলা মোড় এলাকায় রেজাউল হক খান নামের এক ব্যক্তির কাছ থেকে ৮৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন তিন যুবক। রেজাউলের চিৎকারে আশপাশের লোকজন এক যুবককে ধরতে পারলেও বাকি দুজন পালিয়ে যান। লোকজন ওই যুবকের পকেট থেকে ছিনতাই করা টাকা উদ্ধার করেন এবং বেদম মারধর করতে থাকেন।