যাঁর কাছ থেকে টাকা ছিনতাই করা হবে, আগে থেকে তাঁকে অনুসরণ করা হয়। সুবিধামতো কোনো জায়গায় এসে দলের একজন গিয়ে তাঁর সঙ্গে বিতণ্ডায় জড়ান ও মারধর শুরু করেন। অন্যরা তাঁকে ঘিরে রাখেন। লোকজন এগিয়ে এলে বলেন, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে এ মারামারি। ততক্ষণে ছিনতাইয়ের কাজটি কেউ সেরে ফেলেন। ছয় যুবককে গ্রেপ্তারের পর ছিনতাইয়ের অভিনব এ কৌশলের কথা জানাল পুলিশ।
পুলিশ জানায়, নতুন মডেলের মুঠোফোন কেনা, বন্ধুদের সঙ্গে ঘোরার জন্য ছিনতাইয়ের পথ বেছে নিয়েছেন ওই যুবকেরা। গ্রেপ্তার ছয়জনের মধ্যে তিনজন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. আনিছ, সোহেল আহাম্মদ, আহম্মদ ফয়সাল, মো. সেলিম, মো. ইয়াছিন ও শাহরিয়ার ওরফে সিফাত নামের ছয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, গত আগস্ট মাসে প্রায় ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তাঁরা জড়িত। গত ১৭ আগস্ট নগরের শাহ আমানত মার্কেটের সামনে মহিউদ্দিন নামের এক দোকান কর্মচারীকে মারধর করে তাঁর হাতে থাকা ১০ লাখ ৮৫ হাজার ৫০০ টাকাভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেন তাঁরা। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও সেই সময় যুবকেরা স্থানীয় লোকজনের কাছে দাবি করেছিলেন, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে এ মারামারি। পরে মহিউদ্দিন স্থানীয় লোকজন ও পুলিশকে পুরো বিষয়টি খুলে বলেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় ছিনতাইয়ের মামলা করা হয়।
গতকাল দুপুরে নগরের কোতোয়ালি থানায় গ্রেপ্তার আহাম্মদ ফয়সাল সাংবাদিকদের বলেন, গত ১৬ আগস্ট জাফর আলম নামের এক ব্যক্তি তাঁদের ফোন করে বলেন, বড় অঙ্কের টাকা লেনদেন হবে শাহ আমানত মার্কেটের সামনে। এ তথ্য পেয়ে তাঁরা ১৩ জন মার্কেটের সামনে ঘটনার দিন অবস্থান নেন। ব্যাগভর্তি টাকা নিয়ে মহিউদ্দিন যাওয়ার সময় তাঁকে প্রথমে একজন গিয়ে চড়-থাপ্পড় দিতে থাকেন। এ সময় বাকিরা তাঁকে ঘিরে ফেলেন, যাতে তাঁদের দলের বাইরের কেউ আসতে না পারেন। মারতে মারতে একপর্যায়ে একজন তাঁর হাতে থাকা টাকাভর্তি ব্যাগটি নিয়ে চলে যান। অন্যরা মারতে থাকলে কয়েকজন বিষয়টি মীমাংসা করে দেওয়ারও অভিনয় করেন। একপর্যায়ে তাঁরাও লোকটিকে রেখে চলে যান। মহিউদ্দিনের কাছ থেকে টাকা নিয়ে তাঁরা নগরের দেওয়ানবাজার সিঅ্যান্ডবি কলোনি মাঠে গিয়ে টাকাগুলো ভাগ করেন। তথ্য দেওয়ায় জাফর নেন পাঁচ লাখ টাকা। বাকি টাকা নিজেরা ভাগ করে নেন। এভাবে নগরের জামালখান, আন্দরকিল্লা ও কাটা পাহাড় লেনে ছিনতাই করলেও লোকজন বুঝতে পারেননি। কেউ কিছু জিজ্ঞেস করলে নিজেদের মধ্যে মারামারি বলেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ছয় যুবকের পরিবারও জানে না যে তাঁরা ছিনতাইয়ে জড়িয়ে পড়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা শাহ আমানত মার্কেটে টাকা ছিনতাইসহ বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকার করেছেন। তবে ছিনতাই হওয়া কোনো টাকা তাঁদের কাছ থেকে উদ্ধার হয়নি। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। দলের বাকি সাত সদস্য মাইনুল, অমিত, আরাফাত, নাদিম, শাওন, ইমতিয়াজ ও আসিফকে গ্রেপ্তারে অভিযান চলছে।