ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে গতকাল রোববার সকালে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটক দুজনসহ সাতজনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেছেন ছিনতাইয়ের শিকার জনৈক আল-আমিন।
আটক দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। একজন সূর্য সেন হলের দ্বিতীয় বর্ষের আরিফুর রহমান ওরফে লিয়ন, অন্যজন জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের আসাদ মিয়া। মামলার অন্য আসামিরা হলেন মুহসীন হলের দর্শন বিভাগের প্রথম বর্ষের আলিফ, রাজশাহী নিউ মডেল ডিগ্রি কলেজের সজীব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজীব চাকমা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের ছাত্র তৌফিক।
মামলার এজাহারে বাদী আল-আমিন উল্লেখ করেন, তিনি এক বন্ধুকে নিয়ে গতকাল সকাল পৌনে ছয়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এ সময় উদ্যানের টিএসসিসংলগ্ন গেটের একটু ভেতরেই তাঁদের দুজনের গতিরোধ করে ৮-১০ জন ছিনতাইকারী। ছিনতাইকারীরা দুজনের কাছ থেকে মোট পাঁচ হাজার টাকা ও দুটি মুঠোফোন কেড়ে নেয়।
শাহবাগ থানার ওসি (তদন্ত) হাবিল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ছিনতাই করে পালানোর সময় লোকজনের সহায়তায় ঘটনার শিকার ব্যক্তিরাই দুজনকে ধরে ফেলেন। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিদের জবানবন্দি অনুযায়ী অন্যদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ছাত্রলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে, আটক আসাদ ও লিয়ন দুজনই ছাত্রলীগের কর্মী। এদের মধ্যে লিয়ন গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে অপহরণ করে সূর্য সেন হলের ২১৯ নম্বর কক্ষে আটকে রাখে। গত ১১ মে প্রথম আলোয় ‘ভাড়া খাটছে ছাত্রলীগ!’ শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে ঘটনাটির উল্লেখ ছিল।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান বলেন, ফেব্রুয়ারির ঘটনার পর থেকে লিয়নের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।