ছিনতাইয়ের মামলায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত রোববার সাড়ে চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনের নামে মঙ্গলবার থানায় মামলা হয়েছে। মামলার আসামি ভক্তি বিকাশ ও জাহিদ নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভক্তি বিকাশ উপজেলা ছাত্রদলের সহসভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দইখাওয়া ইউনিয়নের দইখাওয়া গ্রামের রশিদুলসহ কয়েকজন ব্যবসায়ী রোববার পাটগ্রাম হাটে গরু বিক্রি করেন। ওই দিন দুপুর ১২টার দিকে তাঁরা ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে সদরের শস্যগুদাম এলাকায় তাঁদের ভটভটির গতি রোধ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক, বিকাশসহ একদল যুবক। এ সময় তাঁরা অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ৪ লাখ ৫৬ হাজার ৪০০ টাকাসহ দুটি মুঠোফোন ছিনিয়ে নেন। এ ঘটনায় রশিদুল ওই দিনই মানিক, গোলাম রব্বানী, ভক্তি বিকাশসহ চার ব্যক্তির নাম উল্লেখ করে থানায় মামলা করতে যান। এ সময় আসামিপক্ষ সমঝোতার প্রস্তাব দেয়। কিন্তু টাকা উদ্ধার না হওয়ায় মঙ্গলবার মামলাটি নথিভুক্ত করে পুলিশ। পরে বুধবার দুপুরে ভক্তি বিকাশ ও বৃহস্পতিবার রাতে জাহিদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
থানাহাজতে থাকার সময় ভক্তি বিকাশ বলেন, তিনি ঘটনার দিন মানিক ও রব্বানীর সঙ্গে ঘটনাস্থলে গেলেও টাকা নেওয়ার বিষয়ে তাঁর কোনো হাত নেই। জাহিদ বলেন, ওই ছিনতাইয়ের ব্যাপারে তিনি কিছু জানেন না।
হাতীবান্ধা থানার এসআই মুছা আলী বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।