ছিনতাইয়ের শিকার এক বিচারক
রাজধানীতে গতকাল রোববার ছিনতাইয়ের শিকার হয়েছেন বিচারক লুবনা জাহান। দুর্বৃত্তরা তাঁর টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। ভোরে ওয়ারী থানার টিকাটুলীতে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
লুবনা জাহানকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম।
লুবনা জাহানের বাবা মো. এনায়েত হোসেন বলেন, ভোরে গেন্ডারিয়ার বাসা থেকে তাঁর মেয়ে কর্মস্থল টাঙ্গাইলে যাওয়ার জন্য রিকশায় করে কমলাপুর রেলস্টেশনে যাচ্ছিলেন। রাজধানী সুপার মার্কেট-সংলগ্ন সালাউদ্দিন হাসপাতালের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ সময় রিকশা থেকে পড়ে গিয়ে আহত হন লুবনা জাহান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লুবনা জাহান বলেন, একটি প্রাইভেট কার এসে তাঁর রিকশার পথ রোধ করে। গাড়ি থেকে দুজন লোক নেমে তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে আহত হন। পরে দুর্বৃত্তরা তাঁর ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল।