ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পেঁয়াজভর্তি ট্রাক ছিনতাই, চালক ও সহকারীকে আটক করে মুক্তিপণ দাবির অভিযোগে গত সোমবার পুলিশের দুই কর্মকর্তাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আটক ব্যক্তিরা হলেন কাজীপুর থানার নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মইনুল হক, সলঙ্গা থানার এএসআই মতিউর রহমান, সীমান্ত বাজার এলাকার মিন্টু মিয়া ও সলঙ্গা এলাকার রনি মিয়া।

সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান ও সলঙ্গা থানার ওসি আবদুর রফিক বলেন, ১০ জুলাই রাজশাহী থেকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক চট্টগ্রামে যাওয়ার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সলঙ্গা থানা এলাকা থেকে ছিনতাই হয়। ছিনতাইকারীরা ট্রাকচালক রাজশাহীর গোদাগাড়ীর মোরশেদ আলী ও চালকের সহকারী রবিউল ইসলামকে আটক করে মুঠোফোনে ট্রাকের মালিকের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একইসঙ্গে পেঁয়াজগুলো সিরাজগঞ্জ শহরের একটি আড়তে বিক্রি করে ট্রাকটি শহরের বিসিক এলাকায় ফেলে চলে যায়। এ ঘটনায় ওই ট্রাকের মালিক গোদাগাড়ীর সাহরাং গ্রামের মজিবুর রহমান ১০ জুলাই রাতেই সলঙ্গা থানায় মামলা করেন। মামলাটি সিরাজগঞ্জ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ ১৩ জুলাই কাজীপুরের সীমান্ত বাজার এলাকার মিন্টু মিয়ার বাড়ি থেকে চালক ও সহকারীকে এবং বিসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে। তারা মিন্টু ও সলঙ্গার রনি মিয়াকেও আটক করে। পরে তাঁদের তথ্যমতে এসআই মইনুল ও এএসআই মতিউরকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। গত রোববার ডিবি পুলিশ তাঁদের দুজনকে আটক করে। গত সোমবার সিরাজগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শরিফুল ইসলামের কক্ষে হাজির করা হলে তিনি সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ ডিবির এসআই দুলাল উদ্দীন বলেন, চারজনকে আপাতত গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে জানানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।