ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই কনস্টেবল রিমান্ডে
ডিম ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই কনস্টেবলকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে পুলিশ ছিনতাই হওয়া অর্থ গতকাল শনিবার পর্যন্ত উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ট্রাফিক পুলিশের উপকমিশনার প্রবীর কুমার রায় বলেছেন, শাহবাগ থানায় ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে মামলা হওয়ার পরপরই তাঁদের বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে সহকারী উপকমিশনার হুমায়রা পারভীনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার ভোরে রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ের কাছে টাকা ছিনতাইকালে পুলিশের এক সদস্যকে আটক করা হয়। পরে অপরজনকে কর্মস্থল থেকে আটক করা হয়। তাঁরা হলেন ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের (উত্তর) গুলশান জোনের কনস্টেবল লতিফুজ্জামান ও রাজেকুল খন্দকার। এ ঘটনায় ভুক্তভোগী ডিম ব্যবসায়ী আবদুল বাসের শাহবাগ থানায় একটি মামলা করেছেন।
ডিম ব্যবসায়ী আবদুল বাসের বলেন, তিনি একজন ছোট ব্যবসায়ী। ব্যবসায়ে চলমান ৪৪ হাজার টাকা হাতে না থাকা মানে ব্যবসা অনেকটা বন্ধ করে বসে থাকার মতো অবস্থা।