ছিনতাইয়ের অভিযোগে চট্টগ্রামে গ্রেপ্তার ৩
চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলায় গত বুধবার রাতে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিজান, মো. জসীম ও মো. জামশেদ।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, ৪ আগস্ট বন্দর থানার খালপাড় তিন রাস্তার মাথা এলাকায় আলী আজগর নামের এক রিকশা আরোহীর গতিরোধ করে ১৪ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় আলী আজগর গাড়ির নম্বর উল্লেখ করে থানায় মামলা করেন। বুধবার রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিমতলা বিশ্বরোড মোড় থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তাঁরা সিএনজিচালিত অটোরিকশার চালক ও সহকারী সেজে নগরে ছিনতাই করেন।