ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ৩
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে গতকাল শনিবার রাতে নগরের চকবাজার ও বহদ্দারহাট এলাকা থেকে ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে পাঁচলাইশ থানার পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক তিনজন হলেন চকবাজার থানা ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ ওরফে শিপু, ওহিদুল ইসলাম ওরফে আরিফ ও চানমিয়া ওরফে মামুন। গত বুধবার নগরের কাতালগঞ্জ বৌদ্ধমন্দিরের সামনে থেকে এক ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে এই তিনজনকে আটক করা হয়।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় ওই তিনজনের সম্পৃক্ততা পাওয়ার পরই তাদের আটক করা হয়েছে।
আটক ছাত্রদল নেতা নূর মোহাম্মদের ভাই চকবাজার থাকা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর মোস্তফা। তিনি প্রথম আলোকে বলেন, ‘চকবাজার থানা ছাত্রদলের সভাপতি সে। রাজনৈতিক কারণে তার ভাইকে গ্রেপ্তার করা হতে পারে। সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ছিনতাইয়ের সঙ্গে তার সম্পৃক্ততার প্রশ্নই ওঠে না।’