ছিনতাইয়ের আধা ঘণ্টার মধ্যে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গত বুধবার রাতে ফিল্মি কায়দায় ৫০ লাখ টাকা মূল্যের তৈরি পোশাকভর্তি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের আধা ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুই ছিনতাইকারীকে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।
বন্দর থানার কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিনহাজ বলেন, রপ্তানির উদ্দেশ্যে গাজীপুরের টঙ্গী এলাকার পোশাক কারখানা টি এইচ ফ্যাশনের ৫০ লাখ টাকা মূল্যের তৈরি পোশাক নিয়ে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় আসার পর রাত ১১টার দিকে মোটরসাইকেল আরোহী দুই যুবক ভ্যানটি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তাদের মধ্য থেকে একজন লাফিয়ে কাভার্ড ভ্যানে উঠে পড়ে। বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় অস্ত্রের মুখে চালক মানিক মিয়াকে কাভার্ড ভ্যান থামাতে বাধ্য করে ওই ছিনতাইকারী। সেখানে ছিনতাইকারী চক্রের আরও কয়েকজন অপেক্ষায় ছিল। তারা চালক মানিককে মারধর করে রাস্তায় ফেলে কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
মো. মিনহাজ আরও বলেন, আধা ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে বন্দরের মদনপুর এলাকা থেকে মালামালসহ কাভার্ড ভ্যানটি উদ্ধার করে। কাভার্ড ভ্যানটিতে জিপিএস সিস্টেম (মুঠোফোনভিত্তিক গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ সেবা) থাকায় দ্রুত মালামালসহ গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। এ সময় গাড়িতে থাকা তাপস (৩৭) ও ফাহাদ (২১) নামের দুই ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়। তবে ছিনতাইয়ে জড়িত অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।