ছিনতাইয়ের কৌশলে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ওবায়দুল হক (৩৬) হত্যার ঘটনাটি নিছক ছিনতাই নয়, পরিকল্পিত ছিল বলে পুলিশ দাবি করেছে। হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ওবায়দুলের স্ত্রীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ এ তথ্য জানিয়েছে।

গত ২৬ জুন রাতে নিজ কর্মস্থল বসুন্ধরা সিটি থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে কলাবাগান থানার সেন্ট্রাল রোডে খুন হন ওবায়দুল। তিনি সানোয়ারা করপোরেশনের কোয়ালিটি আইসক্রিম শাখার ব্যবস্থাপক ছিলেন। তাঁর মামা নুরুল ইসলাম বিএসসি প্রবাসীকল্যাণমন্ত্রী। হত্যার পর ঘটনাটি ‘ছিনতাই’ বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে পুলিশ বলছে, তদন্তের প্রাথমিক পর্যায়েই তারা বুঝতে পেরেছিল যে এটি নিছক ছিনতাই নয়।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বুধবার রাতে ওবায়দুলের স্ত্রী তাসমিন খাদিজা সোনিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাঁকে আনা হয়েছে। এ ঘটনায় আগে মাহামুদুল হাসান ওরফে মিঠু ও তানভীর আহমেদ ওরফে তুহিন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এঁরা দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক দীপক কুমার দাস প্রথম আলোকে বলেন, ১১ জুলাই রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে মাহামুদুলকে প্রথমে গ্রেপ্তার করা হয়। এরপর ১৬ জুলাই গ্রেপ্তার করা হয় তানভীরকে। তাঁরা দুজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে ওবায়দুলের স্ত্রী খাদিজা ও তাঁর (খাদিজার) বন্ধু সাইফুল হাসান ওরফে রুবেলের কথা বলেছেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশের একজন সহকারী কমিশনার বলেন, হত্যাকাণ্ডের মাত্র আট মাস আগে ওবায়দুলের সঙ্গে পারিবারিকভাবে খাদিজার বিয়ে হয়। কিন্তু বিয়ের আগে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রুবেল নামে এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে খাদিজার। বিয়ের পরেও সেই সম্পর্ক ছিল। একপর্যায়ে তাঁরা দুজনে মিলে ওবায়দুলকে হত্যার পরিকল্পনা করেন। তানভীর ও মাহামুদ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, অস্ত্র কেনা ও আনুষঙ্গিক খরচের জন্য খাদিজাই রুবেলকে ৬০ হাজার টাকা দিয়েছিলেন। এই টাকা পেয়ে হত্যার জন্য রুবেল তাঁর পূর্বপরিচিত তানভীর ও মাহমুদকে দায়িত্ব দেন। ২৬ জুন রাত ১১টার পরে নিজের কার্যালয় থেকে বের হয়ে ভূতের গলির বাসায় যাওয়ার জন্য বসুন্ধরা সিটির সামনে থেকে রিকশা নেন ওবায়দুল। তখন থেকেই ওবায়দুলকে মোটরসাইকেলে অনুসরণ করছিল হত্যায় জড়িতদের একটি দল। রিকশাটি সেন্ট্রাল রোডের গলির মুখে পৌঁছানোর পরে মোটরসাইকেল আরোহী খুনিরা তাঁর গতি রোধ করে ল্যাপটপ, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়।

কর্মকর্তারা বলেন, শুরুতে ছিনতাই মনে হলেও রিকশাচালকের বক্তব্য এবং কয়েক জায়গা থেকে পাওয়া সিসি টিভির ফুটেজ মিলিয়ে দেখার পর ধারণা করা হয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনিরা চেষ্টা করেছে বিষয়টিকে ছিনতাই হিসেবে প্রতিষ্ঠিত করার। রিকশাচালক পুলিশকে বলেছেন, খুনিরা চাওয়ামাত্রই ওবায়দুল তাঁর সঙ্গে থাকা সব জিনিসপত্র দিয়েছেন। তারপরও খুনিরা তাঁকে গুলি করে। এরপর পান্থপথ ও সেন্ট্রাল রোডের দুটি ভবন থেকে পাওয়া সিসি টিভির ফুটেজ মিলিয়ে দেখা যায়, খুনিরা তাঁকে আগে থেকেই অনুসরণ করছিলেন। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ। এরপর তদন্ত ও প্রযুক্তি ব্যবহার করে ডিবি মাহামুদুল ও তানভীরকে গ্রেপ্তার করে।

মাহামুদুল ও তানভীর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, হত্যাকাণ্ডে তাঁরা দুজন ও রুবেল ছাড়াও পাপ্পু নামে তাঁদের আরও একজন বন্ধু অংশ নিয়েছিলেন। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার রাতে চট্টগ্রাম থেকে খাদিজাকে গ্রেপ্তার করে গতকাল ঢাকায় নিয়ে আসে ডিবির একটি দল।