ছিনতাইয়ের ঘটনা পুলিশকে বলতে চাওয়ায় কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে একজন নির্মাণশ্রমিককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে নগরের শামীমাবাদ আবাসিক এলাকার কানিশাইলে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম ইসলাম হোসেন (৩২)। তিনি কানিশাইলের একটি কলোনির বাসিন্দা তোতা মিয়ার ছেলে। নগরে বিভিন্ন বাসাবাড়ির নির্মাণকাজের ঠিকাদারিও করতেন তিনি। তাঁদের মূল বাড়ি বালাগঞ্জে। কানিশাইলে মা-বাবা ও ছোট দুই ভাইয়ের সঙ্গে থাকতেন ইসলাম।
ইসলামের পরিবারের দাবি, প্রায় এক সপ্তাহ আগের ছিনতাইয়ের একটি ঘটনা প্রত্যক্ষ করেন তাঁর ছোট ভাই। ঘটনাটি ইসলাম পুলিশকে জানানোর কথা বললে ছিনতাইকারীরা ক্ষুব্ধ হয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় গতকাল সোমবার সিলেট কোতোয়ালি থানায় মামলা করেছেন ইসলামের বাবা তোতা মিয়া। এতে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল পাঁচটার দিকে ছয়-সাতজন যুবক ইসলামদের বাসায় গিয়ে তিনি আছেন কি না জানতে চান। এ সময় ইসলাম ঘরে নেই বলে জানালে তাঁরা চলে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শামীমাবাদ এলাকার ৭ নম্বর রোডের একটি বাসার সামনে ইসলামকে দেখতে পেয়ে ওই দলটি তাঁকে ‘ধর ধর’ বলে ধাওয়া করে। ইসলাম তখন পাশেই একটি বাসায় গিয়ে আশ্রয় নেন। পরে ওই বাসা থেকে ডেকে বের করে এনে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যান যুবকেরা। আশপাশের লোকজন ছুটে এসে ইসলামকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
ইসলামের ছোট ভাই আরমান হোসেন (২৮) বলেন, গত বৃহস্পতিবার নগরের জিন্দাবাজার এলাকায় সরকারি মহিলা কলেজের সামনে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের তিনি (আরমান) চিনে ফেলায় ঘটনাটি কাউকে না বলতে কানিশাইলের বাসিন্দা জামাল উদ্দিন তাঁর দলবল নিয়ে তাঁকে শাসিয়ে যান। শনিবার রাতে ঘটনাটি শুনে এর প্রতিবাদ করেন ইসলাম। তিনি ছিনতাইয়ের ঘটনা এলাকাবাসীকে জানান। পুলিশকেও জানানোর কথা বলেন। এতে ক্ষুব্ধ হয়ে জামালউদ্দিন তাঁর দলবল নিয়ে ইসলামকে হত্যা করেছেন।
এ ঘটনায় করা মামলায় জামাল উদ্দিন (২৫) ছাড়াও লিটন আহমদ ওরফে ছইলা লিটন (৩০), রুহেল আহমদ (৩২), মুরছালিন (৩৫), শাহিনুর (২৯) ও মো. কামাল হরফে দা কামালকে (৩০) আসামি করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। মামলার এজাহারে যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।