ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে খেলনা পিস্তলসহ তিনজনকে ধরে পুলিশে দিয়েছে জনতা। গত বৃহস্পতিবার রাতে কোষাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন চুয়াডাঙ্গা পৌরসভার মাঝের পাড়া এলাকার মো. রানা (২০), আবদুর রহমান (৩০) ও সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের টোকন (২৫)। তাঁদেরসহ ছিনতাইয়ের পরিকল্পনাকারী হিসেবে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তানজির আহমেদ ওরফে রনিকেও (৪০) মামলায় আসামি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কোষাঘাটা গ্রামের শাহীন হোসেন (২৩) একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক। বৃহস্পতিবার সন্ধ্যায় বকেয়া আদায় শেষে ইজিবাইকে করে তিনি চুয়াডাঙ্গা শহর থেকে দামুড়হুদা ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে ওই তিনজন তাঁকে অনুসরণ করতে থাকেন। বিষয়টি টের পেয়ে কোষাঘাটায় নেমে টাকার ব্যাগ একটি দোকানে রেখে তিনি আড়ালে যান। ওই তিনজন পুলিশ পরিচয় দিয়ে দোকান থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সন্দেহ হলে স্থানীয় ব্যক্তিরা তাঁদের ধরে পুলিশে খবর দেন। এ সময় টোকনের শরীর তল্লাশি করে একটি খেলনা পিস্তল পাওয়া যায়।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক বলেন, রাতেই শাহীন হোসেন ছিনতাই মামলা করেন। আগেও টোকনের বিরুদ্ধে আটটি, রানা ও রহমানের বিরুদ্ধে সদর থানায় মারামারিসহ বিভিন্ন অভিযোগে তিনটি করে মামলা রয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য তানজীর আহমেদের মুঠোফোনে ফোন করার চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়। তাঁর পত্রিকাটির সম্পাদক তছিরুল আলম মালিক বলেন, ‘সম্প্রতি ডিবি পুলিশের বিরুদ্ধে তাঁর পত্রিকায় বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে তানজীরকে আসামি করা হয়েছে।’
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পুলিশসহ অনেক মানুষের সামনে আটক হওয়া তিনজন স্বীকার করেন যে তানজীরের পরিকল্পনা অনুযায়ী তাঁরা ছিনতাইসহ অন্যান্য অপরাধ করে থাকেন। তাই তানজীরকে আসামি করা হয়েছে।