ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছিনতাইয়ের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মো. মামুন (২৫) নামের এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় নয়জনকে আটক করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের টাকা ভাগ-বাঁটোয়ারা করতে সোমবার রাতে ৮ থেকে ১০ জন ছিনতাইকারী নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে জড়ো হয়। ভাগ-বাঁটোয়ারা নিয়ে একপর্যায়ে তারা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় মামুনকে ছুরিকাঘাত করে সীমানা দেয়ালের বাইরে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মামুন ও রুবেল নামের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোররাতে মামুনের মৃত্যু হয়। আটক রুবেলকে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় নিহত মামুনের মা সুফিয়া বেগম ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় সোমবার রাতে নগরের আইস ফ্যাক্টরি রোড এলাকা থেকে আটজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন, সালাউদ্দিন (২৮), মো. মোমিন (২৫), ওয়াহিদুর রহমান (২১), আলী আকবর (২১), মো. জয়নাল (২৬), মো. হানিফ (২২), মো. নেজাম (২১) ও মো. সাইফ (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নগরের লাভলেইন, কাজীর দেউড়ী ও নিউমার্কেট এলাকায় ছিনতাই করার কথা স্বীকার করেছেন।