ছিনতাইয়ের পর গাড়িচাপা দিয়ে হত্যা
গ্রামের বাড়ি গাইবান্ধার কলেজপাড়া থেকে পূজা শেষ ঢাকায় ফিরেছিলেন রিকশাচালক অনন্ত বিশ্বাস (২৮) ও তাঁর স্ত্রী কাকলি বিশ্বাস। কিন্তু ছিনতাইকারীদের গাড়িচাপায় লাশ হয়ে আবারও গাইবান্ধায় ফিরে গেলেন অনন্ত বিশ্বাস। গতকাল রোববার ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কাকলি বিশ্বাস বলেন, তাঁর স্বামী মিরপুর শেওড়াপাড়ার পাশে কাফরুল এলাকায় রিকশা চালাতেন। পরিবার নিয়ে ওই এলাকাতেই থাকতেন তাঁরা। গাইবান্ধায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করার জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গতকাল ভোর সাড়ে পাঁচটায় তাঁরা বাস থেকে নেমে কুড়িল বিশ্বরোডের ফ্লাইওভারের সামনে নেমে মিরপুর যাওয়ার বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা প্রাইভেট কারে করে দুজন ছিনতাইকারী তাঁদের সামনে দাঁড়ায়। কাকলির গলায় থাকা তাঁর একমাত্র সোনার চেইন এবং সঙ্গে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় অনন্ত বাধা দিলে প্রথমে ছিনতাইকারীরা তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেট কারটি চাপা দেয় অনন্তকে। সকাল ছয়টার দিকে গুরুতর আহত স্বামীকে নিয়ে কাকলি ঢাকা মেডিকেল কলেজে যান। তখন কর্তব্যরত চিকিৎসকেরা জানান, অনন্ত আগেই মারা গেছেন। পরে আনুষ্ঠানিকতা শেষে লাশ ফিরে নিয়ে যাওয়া হয়েছে গ্রামের বাড়িতে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, নিহত ব্যক্তির লাশ প্রথমে জরুরি বিভাগের মর্গে রাখা ছিল। পরে ময়নাতদন্ত শেষে তাঁর স্ত্রী গ্রামের বাড়ি নিয়ে গেছেন।
এ বিষয়ে নিহত ব্যক্তির স্ত্রী খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেছেন। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল হক জানান, নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত দুজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।