ছিনতাইয়ের পর দুই ব্যক্তিকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত মঙ্গলবার রাতে পৃথক ঘটনায় ছিনতাইয়ের পর দুই ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাঁদের মধ্যে একজন পালিয়ে বাঁচেন এবং অপরজন গতকাল বুধবার স্থানীয় ব্যক্তিদের সহায়তায় মুক্ত হন। এ ঘটনায় গতকাল থানায় পৃথক অভিযোগ দায়ের হয়েছে।
ছিনতাইয়ের শিকার দুই ব্যক্তি হলেন মৎস্য ব্যবসায়ী সুলতান শেখ (২০) ও কৃষক শাহজাহান শেখ (৫৭)। তাঁরা দৌলতদিয়া ঘাটসংলগ্ন ব্যাপারীপাড়ার বাসিন্দা।
দুটি ঘটনায়ই করম আলী শেখ (২৮) নামের একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। করম আলীর বাড়ি ত্যানাপচা গুচ্ছগ্রামে। তিনি নিষিদ্ধ সর্বহারা পার্টির নেতা বলে জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কৃষক শাহজাহান শেখ বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি ধানখেত দেখে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁর গতি রোধ করে কয়েক শ টাকা, মুঠোফোন ও টর্চ লাইট ছিনিয়ে নেয়। অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে তাঁকে উত্তর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে মাটিতে ফেলে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। পরে পাশে বোরো খেতের শ্যালো মেশিনের ঘরে নিয়ে পরনের ফতুয়া কেটে দুই হাত ও গেঞ্জি দিয়ে দুই পা বেঁধে ফেলা হয়। এরপর তাঁকে আবার হত্যার চেষ্টা করা হয়। দুর্বৃত্তদের মধ্যে একজনের বাধায় হত্যা না করে মারধর করে তাঁকে সারা রাত বেঁধে রাখা হয়। ভোরে চিৎকার শুনে স্থানীয় এক নারী এসে বাঁধন খুলে দিলে তিনি মুক্ত হন। দুর্বৃত্তদের মধ্যে করম আলী শেখকে তিনি চিনে ফেলেন।
মৎস্য ব্যবসায়ী সুলতান শেখ বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘর থেকে বের হন। এ সময় মুখে কাপড় বাঁধা দুজনসহ তিন ব্যক্তি ধারালো চাপাতি ও রামদা দেখিয়ে তাঁকে জিম্মি করেন। দুর্বৃত্তরা জোর করে পাট খেতে নিয়ে তাঁর মুঠোফোন কেড়ে নেয়। পরনের লুঙ্গি দিয়ে দুই পা বেঁধে তাঁকে মাটিতে ফেলে হত্যার চেষ্টা করা হয়। তিনি পালানোর চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপ দেওয়া হয়। এতে তাঁর কপাল ও কানের এক পাশ কেটে যায়। একপর্যায়ে তিনি চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে পৌঁছান। দুর্বৃত্তরাও তাঁর পিছু নেয়। কিন্তু বাড়ির লোকজন জেগে ওঠায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনিও দুর্বৃত্তদের মধ্যে করম আলী শেখকে চিনে ফেলেন।