ছিনতাইয়ের পর ভুয়া দুই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের হাইজদি গ্রামের ফরহাদ গাজী (৩৫) ও ভোলার কুঞ্জুক্তি গ্রামের মো. ওজিউল্লাহ (৩০)।
মাগুরার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় প্রথম আলোকে জানান, ঝিনাইদহের বালিয়াডাঙ্গা গ্রামের ব্যবসায়ী খলিলুর রহমান গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মাগুরা ইসলামী ব্যাংকের শাখা থেকে চার লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা নিয়ে তাঁর সঙ্গী সাইদুর রহমানকে নিয়ে মাগুরা-ঝিনাইদহ সড়কপথে মোটরসাইকেলে ঝিনাইদহ যাচ্ছিলেন। তাঁরা মাগুরা সদর উপজেলার ইটখোলা বাজার এলাকায় পৌঁছালে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দুই ব্যক্তি তাঁদের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চান। একপর্যায়ে তাঁরা দুজনকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে ঝিনাইদহের দিকে চলে যান। মাইক্রোবাসের ভেতরে তাঁদের হাত-পা বেঁধে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে ঝিনাইদহের লাউদিয়া এলাকায় সড়কের ওপর ফেলে দেয় দুর্বৃত্তরা। ওই দুই ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে বিষয়টি মাগুরা পুলিশে জানান। পরে ঝিনাইদহ পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ফরহাদ গাজী ও ওজিউল্লাহকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি ওয়াকিটকি ও হাতকড়া জব্দ করা হয়।
সুদর্শন রায় বলেন, আটক দুজন পুলিশ পরিচয়ে অপহরণকারী ও ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এমন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ওই মাইক্রোবাসে আরও চারজন ছিল। তারা টাকা নিয়ে পালিয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে ওই ব্যবসায়ী ছয়জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেছেন। আজ বুধবার সকালে ওই দুই আসামিকে ঝিনাইদহ থেকে মাগুরায় আনা হয়। তাঁদের ব্যবহৃত মাইক্রোবাস ও অন্য আলামত জব্দ করা হয়েছে।