ছিনতাইয়ের শিকার এক বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন লুবনা জাহান (৩২) নামে এক বিচারক। তাঁর টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রিকশা থেকে পড়ে গিয়ে আহত হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার ভোরে ওয়ারী থানার টিকাটুলীতে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। বিচারক লুবনা জাহান টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম।
তাঁকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এখন তিনি হাসপাতালের কেবিনে আছেন।

লুবনা জাহানের বাবা মো. এনায়েত হোসেন বলেন, তাঁদের বাসা গেন্ডারিয়ায়। তাঁর মেয়ে কর্মস্থল টাঙ্গাইলে যাওয়ার জন্য ভোরে রিকশায় করে কমলাপুর রেলস্টেশনে যাচ্ছিলেন। রাজধানী সুপার মার্কেট-সংলগ্ন সালাউদ্দিন হাসপাতালের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

লুবনা জাহান বলেন, একটি প্রাইভেটকার এসে তাঁর রিকশার পথ রোধ করে। গাড়ি থেকে দুজন লোক নেমে তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে আহত হন। ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে। তাতে টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।