ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের ফটক থেকে অস্ত্রের ভয় দেখিয়ে হলের দুই ছাত্রলীগ নেতার নগদ টাকা ও মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার দুজন হলেন এফ রহমান হল শাখার তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান ও উপ-আইন সম্পাদক আবদুল আলীম খান। জাহিদ সমাজবিজ্ঞান এবং আলীম স্বাস্থ্য অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁরা জানান, রাত তিনটার দিকে হলের সামনে আড্ডা দেওয়ার সময় নীলক্ষেত মোড় দিয়ে একটি সাদা গাড়ি এসে তাঁদের সামনে থামে। গাড়ি থেকে তিন যুবক বেরিয়ে অস্ত্রেরমুখে তাঁদের মোবাইল ফোন, নগদ তিন হাজার টাকা, দুটি এটিএম কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় একজনের হাতে পিস্তল, একজনের হাতে হকিস্টিক আরেকজনের হাতে রামদা ছিল। পরে গাড়িটি ফুলার রোড দিয়ে বেরিয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে জানান, রাতে যখন শিক্ষার্থীরা ছিনতাইকারী বলে চিৎকার করছিলেন, তখন তিনি রাস্তার অপর পাশে বাসার জানালা থেকে দেখেছেন। সাদা রঙের একটি গাড়ি ছিল। বিষয়টি খতিয়ে দেখা হবে।