ছিনতাইয়ের শিকার ভারতীয়, আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভারতের এক নাগরিককে মারধর করে টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম বিজয় সাও (৩৮)। তাঁর বাড়ি ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে। আটক হওয়া দুজন হলেন পৌর শহরের দেবগ্রামের জিকু মিয়া (২৮) ও তাঁর স্ত্রী রুপালী বেগম (২২)। বিজয় সাও বলেন, তিনি ভিসা নিয়ে এসে কান ফোঁড়ানোর কাজ করেন। আট দিন আগে তিনি বাংলাদেশে আসেন।
থানা-পুলিশ সূত্র জানায়, বিজয় সাও কিছুদিন পরপরই বাংলাদেশে আসেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরসহ বিভিন্ন এলাকায় নারীদের কান ফোঁড়ানোর কাজ করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে আখাউড়ার সড়ক বাজার এলাকায় তিনজন বিজয়ের পথরোধ করেন। তাঁরা বিজয়ের কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। একপর্যায়ে বিজয়কে মারধর করা হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় এক যুবক পালিয়ে যান। পরে পুলিশ দুজনকে আটক করে।